দাবি না মানলে চুয়াডাঙ্গা জেলা অচলসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
- আপলোড তারিখঃ
২৪-০৩-২০২১
ইং
ভারপ্রাপ্ত জেলা জজসহ দুই কর্মচারীর প্রত্যাহারের দাবিতে আইনজীবী সমিতির প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অনতিবিলম্বে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমান ও অফিস স্টাফ মাসুদুজ্জামান এবং জহুরুল ইসলামকে জেলা থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। প্রত্যাহার করা না হলে, চুয়াডাঙ্গা জেলা অচলসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবী নেতৃবৃন্দ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আলমগীর হোসেন বলেন, ‘আমাদের আদালত ছেড়ে মাঠে আসার কথা নয়। কিন্তু আজ চার দিন ধরে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমরা প্রতিবাদ করার জন্য রাস্তায় দাঁড়িয়ে। আমরা দাবি জানাচ্ছি দুর্নীতিগ্রস্ত ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহা. বজলুর রহমান ও দুর্নীতিগ্রস্ত অফিস স্টাফ মাসুদুজ্জামান মাসুদ ও জহুরুল ইসলামের মুখ চুয়াডাঙ্গার মাটিতে দেখতে চাই না। নানা প্রলোভন দেখিয়ে বিচার প্রার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছে আদালতের নাজির মাসুদুজ্জামান ও বেঞ্চ সহকারী জহুরুল। তাদের মতো স্টাফদের কারণে এখন গ্রাম-গঞ্জের হাট-বাজারে বিচার বেচাকেনা হয়। কর্মচারীরা বিচার বিভাগের বিভিন্ন বিষয়ে কলকাঠি নাড়ায়। সেই দুর্নীতিগ্রস্ত কর্মচরারীরা আমাদের বিজ্ঞ আইনজীবীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করতেও দ্বিধাবোধ করে না।’
এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আলমগীর হোসেন বিক্ষোভসহ চুয়াডাঙ্গা জেলা অচলের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে এই হামলার সুষ্ঠু বিচার এবং ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমান এবং দুর্নীতিগ্রস্ত অফিস স্টাফ মাসুদুজ্জামান ও জহুরুল ইসলামকে জেলা থেকে প্রত্যাহারের দাবি জানান।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সিনিয়র আইনজীবী অ্যাড. মানি খন্দকার, অ্যাড. শফিকুল ইসলাম শফি, অ্যাড. হেদায়েতুল আসলাম, শামিম হোসেন ডালিম, অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, অ্যাড. আব্দুল মালেক, অ্যাড. আবুল বাসার, অ্যাড. সেলিম উদ্দদি খান, অ্যাড. রবিউল রহমান, অ্যাড. এম এম শাজাহান মুকুল প্রমুখ।
এদিকে, আইনজীবীদের চলমান এই আন্দোলনের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ বিচারপ্রার্থীরা। তাঁদের দাবি, বিচার সেবা পাওয়ার জন্য অতিদ্রুত এই সমস্যা সমাধান করা হোক।
উল্লেখ্য, গত ১৮ মার্চ চুয়াডাঙ্গা আদালতে আইনজীবী ও জজশিপ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সেদিনই জরুরি সভার ডাক দিয়ে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা। গতকাল মঙ্গলবার অব্দি চার দিন ধরে আইনজীবীরা আন্দোলনে আছেন।
কমেন্ট বক্স