বঙ্গবন্ধু ছিলেন বলেই আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে
- আপলোড তারিখঃ
২৩-০৩-২০২১
ইং
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানে আলোচনা সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জেলা প্রশাসনের ১০ দিনব্যাপী ধারাবাহিক বর্ণাঢ্য কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থান চুয়াডাঙ্গা কালেক্টররেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাঠে এক জনসভায় এসেছিলেন। এটি তাঁর স্মৃতিবিজড়িত স্থানের অন্যতম একটি জায়গা। আমার সৌভাগ্য হয়েছিল, সেই জনসভায় উপস্থিত থাকার। অসাধারণ, উদীপ্ত বক্তব্য রেখেছিলেন তিনি।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বলেই আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে। ৭ মার্চের ভাষণে তিনি যে নির্দেশনা দিয়েছিলেন, তা বাঙালিকে পথ দেখিয়েছে। বঙ্গবন্ধু সারা জীবন এ দেশকে ভালোবেসেছেন। আমাদের এই সূবর্ণজয়ন্তীর উৎসবে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে তাঁর সুযোগ্য উত্তসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কাজ করতে হবে।’
আলোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদুজ্জামান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাঈফ। পরে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
কমেন্ট বক্স