আজ যোগদান করবেন তত্ত্বাবধায়ক ডা. ফরিদুল ইসলাম
- আপলোড তারিখঃ
১৮-০৩-২০২১
ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন আরএমও ডা. এএসএম ফাতেহ্ আকরাম
নিজস্ব প্রতিবেদক:
১৯৭২ সালে প্রতিষ্ঠিত ৫০ শয্যার চুয়াডাঙ্গা সদর হাসপাতালটি ২০০৩ সালে ১০০ শয্যায় উন্নীত করা হয়। ১০০ শয্যার হাসপাতালে একজন তত্ত্বাবধায়ক থাকার কথা থাকলেও এ পর্যন্ত তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করে আসছিলেন সিভিল সার্জন। তবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার ১৮ বছর পর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল একজন তত্ত্বাবধায়ক পেল। আজ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করবেন ডা. ফারিদুল ইসলাম।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. ফরিদুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সুপারিটেনডেন্ট হিসেবে পদায়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ওয়ালিউর রহমান নবাগত তত্ত্বাবধায়ককে তাঁর দায়িত্বভার বুঝিয়ে দেবেন। এরপূর্বে ডা. ফরিদুল ইসলাম টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজিত হাসান জানান, আগামী রোববার হাসপাতালে নতুন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে যোগদান করবেন ডা. এ এস এম ফাতেহ্ আকরাম এবং মেডিকেল অফিসার হিসেবে যোগদান করবেন ডা. এম এম হাসনাত পারভেজ। এদিকে, এ সপ্তাহেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার পদে যোগদান করেছেন ডা. তারানা আনোয়ার।
কমেন্ট বক্স