বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেসবুক আইডি খুলতে পরিচয়পত্র লাগবে

  • আপলোড তারিখঃ ১৩-০৩-২০১৭ ইং
ফেসবুক আইডি খুলতে পরিচয়পত্র লাগবে

নিজস্ব প্রতিবেদক: সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা অন্য কোনো পরিচয়পত্রের তথ্য সংযুক্ত করা বাধ্যতামূলক করতে ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার ফেসবুক প্রতিনিধির সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের সঙ্গেও পুলিশ কর্মকর্তাদের পৃথক বৈঠক হয়েছে। বৈঠকে বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়। আর বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য রেড নোটিশ জারি না করা নিয়ে অসন্তোষের কথাও ইন্টারপোলকে জানায় পুলিশ। গত রোববার থেকে ঢাকায় শুরু হয়েছে ১৪ দেশের পুলিশপ্রধানদের তিন দিনের সম্মেলন। বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোল যৌথভাবে সম্মেলনটি আয়োজন করেছে। ফেসবুকের পক্ষ থেকে আছেন সংস্থাটির ট্রাস্ট ও সেফটি ব্যবস্থাপক বিক্রম লেংগেহ। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, সাইবার অপরাধের তদন্তে ফেসবুকের সহায়তা চাওয়া হয়। নারী নির্যাতন এবং ধর্মীয় বিষয়ে প্রচারণার ক্ষেত্রে ফেসবুককে বিষয়টি পুলিশের নজরে দিতে বলা হয়েছে। তিনি বলেন, জবাবে ফেসবুক বলেছে, তাদের নিজস্ব নীতিমালায় সাংঘর্ষিক না হলে সব রকম সহযোগিতা করবে। বৈঠকের ব্যাপারে জানতে বিক্রম লেংগেহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তিনি কোনো কথা বলতে চান না। এর আগে পুলিশপ্রধানদের আন্তর্জাতিক সম্মেলনে এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য বিভিন্ন সময় ইন্টারপোলকে দিয়েছি। কিছুদিন আগে জেনেছিলাম, খুনি ডালিম চৌধুরী স্পেনে আছেন। কিন্তু তাঁদের অবস্থান সুনির্দিষ্ট করতে পারিনি। ইন্টারপোলকে অনুরোধ করেছি, বঙ্গবন্ধুর খুনিদের তথ্য দিলে তারা যেন সেটা ভালোভাবে দেখে এবং সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করে। ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল আশ্বাস দিয়েছেন, তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ইউএনও পান্না আক্তারের বিদায় সংবর্ধনা