মেহেরপুর অফিস: হিরোইন রাখার অপরাধে মেহেরপুর জেলার গাংনী উপজেলার শওড়াতলার মো: ছমির আলী (৫৫) নামের এক বৃদ্ধের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দু’মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক টি.এম মুসা এক জানাকীর্ণ আদালতে এই আদেশ দেন। মামলার অপর আসামি মারজেল আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমান না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৫মে তারিখে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা গাংনী উপজেলার আকুবপুর গ্রামের শুকনালের দোকানের সামনে থেকে ২০০ গ্রাম হিরোইনসহ গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামের আদর আলীর ছেলে মোঃ ছমির আলী ও কুষ্টিয়ার দৌলতপুর থানার খলিসাকুন্ডি পাইকপাড়ার মারজেল আলীকে আটক করে। এ ঘটনায় র্যাবের ডিএডি জসিমউদ্দিন বাদী হয়ে গাংনী থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল ১(খ) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই আবু বক্কর সিদ্দিক তদন্ত করে আসামিদের বিরুদ্ধে চার্জশীট প্রদান করেন। স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক এই রায় ঘোষনা করেন। মামলায় রাষ্ট্র পক্ষের কৌসুলি ছিলেন অতিরিক্ত পিপি অ্যাড. কাজী শহীদুল হক এবং আসামি পক্ষের কৌসুলি ছিলেন অ্যাড. কামরুল হাসান।
সমীকরণ প্রতিবেদন