শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইকরা একাডেমির অভিভাবক সমাবেশ

  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ইকরা একাডেমির অভিভাবক সমাবেশ

চুয়াডাঙ্গায় ইকরা একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় প্রতিষ্ঠানটির চুয়াডাঙ্গা শাখার ক্যাম্পাস-২-এ এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় চার শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী অংশ নেন। প্রতিষ্ঠানের পরিচালক মুফতি মুস্তাফা কামাল কাসেমীর উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা কারী বিন ইয়ামিন।
আলোচনায় শিক্ষার গুরুত্ব, শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক বিকাশ এবং সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন বক্তারা। উদ্বোধনী আলোচনায় মাওলানা কারী বিন ইয়ামিন বলেন, একজন অভিভাবকের দায়িত্ব শুধু সন্তানকে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। একজন শিক্ষার্থী দিনের বড় একটি সময় বাড়িতে বাবা-মায়ের সঙ্গে কাটায়। তাই তার পড়ালেখার পাশাপাশি আদব-কায়দা, শিষ্টাচার ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।


শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টা অবস্থান করে। বাকি সময় সে বাড়িতেই থাকে। এ কারণে সন্তানদের প্রতি অভিভাবকদের সার্বক্ষণিক নজরদারি প্রয়োজন। বিশেষ করে শিশুদের মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে বাবা-মাকে সচেতন ভূমিকা পালন করতে হবে।


তিনি আরও বলেন, ইকরা একাডেমিতে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় বিষয়ে যত্নসহকারে পাঠদান করা হয়। এছাড়া রজনীগন্ধা সিএন্ডবি পাড়ায় অবস্থিত প্রতিষ্ঠানের হিফজ শাখা মাযাহিরুল উলুম মাদরাসা পরপর তিন বছর ধরে জেলায় সুনাম অর্জন করেছে। সমাবেশে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মদ আবু জাফর, চিকিৎসক আবু এহসান ও মো. শরিফুল ইসলাম ইকবাল।


তাঁরা বলেন, তাঁদের সন্তানরা এ প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। তাঁরা চান, সন্তানরা এখান থেকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, বরং ভালো মানুষ হওয়ার শিক্ষাও অর্জন করুক। শিক্ষার্থীদের হাতের লেখার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তাঁরা। এ জন্য হাতের লেখা শেখানোর জন্য পৃথক শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনার আহ্বান জানান।


এছাড়া শিশুদের নিরাপত্তার স্বার্থে গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন অভিভাবকেরা। তাঁরা বলেন, ছোটবেলা থেকেই ছেলে-মেয়েদের এ বিষয়ে উপযুক্ত ধারণা দিতে হবে, যাতে তারা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সম্পর্কে সচেতন হতে পারে এবং নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।


অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক হাফেজ মাওলানা মামুনুর রশিদ। আলোচনা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এবং সমাবেশের সভাপতি ও প্রতিষ্ঠানের পরিচালক মুফতি মুস্তাফা কামাল কাসেমীর দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



কমেন্ট বক্স
notebook

ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!