শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ

১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতায় ৩২ প্রার্থী
  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৭ অনুষ্ঠিত হচ্ছে আজ। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী রয়েছেন। আজ শনিবার ২২০ জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।


নির্বাচনে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল থেকে সভাপতি পদে মুন্সী মো. শাহজাহান মুকুল, সহসভাপতি পদে মো. আলী হোসেন ও এস এম আসাদুজ্জামান গনি সালাম, সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল মজিদ এবং যুগ্ম সম্পাদক পদে মোছা. আফরোজা আক্তার ও মশিউর রহমান পারভেজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে এ প্যানেলের প্রার্থীরা হলেন- মো. ফরজ আলী, মোছা. সেলিনা খাতুন, মো. শরিফুল ইসলাম (২), মো. আশিকুর রহমান রাজ, তানভীর আহম্মেদ শাওন ও মো. আল আমিন বিশ্বাস (মোহাম্মদ)।
অন্যদিকে, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তাঁরা হলেন কোষাধ্যক্ষ পদে এস এম হুমায়ুন কবীর, গ্রন্থাগার সম্পাদক পদে মো. আতিয়ার রহমান (২) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. বজলুর রহমান ডাবলু। ফলে এ তিনটি পদে ভোট গ্রহণের প্রয়োজন হচ্ছে না।


জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল প্যানেল থেকে সভাপতি প্রার্থী মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. আসাদুজ্জামান মনোনয়নপত্র প্রত্যাহার করায় এ প্যানেলের প্রার্থীরা সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে যুগ্ম সম্পাদক পদে মো. হারুনুর রশিদ বাবলু এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. আমজাদ আলী শাহ, মো. হাসিবুল ইসলাম ইব্রাহিম, মুহাম্মদ ইকরামুল হক, সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ ও মো. আকতার আলী রয়েছেন।
এছাড়া প্যানেলের বাইরে থেকেও কয়েকজন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- সভাপতি পদে আকসিজুল ইসলাম রতন, সহসভাপতি পদে মো. মামুন আক্তার ও মো. মোসলেম উদ্দীন (২), সাধারণ সম্পাদক পদে মো. আফজালুল হক ও খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) এবং যুগ্ম সম্পাদক পদে মোছা. তানিয়া লাঞ্চ।


নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মুন্সী মো. শাহজাহান মুকুল এর আগে তিনবার সভাপতি ও তিনবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, একই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আকসিজুল ইসলাম রতন এবারই প্রথম সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।


এদিকে, সমিতির বর্তমান সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) আবারও একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য দুই প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. আব্দুল মজিদ ও স্বতন্ত্র প্রার্থী মো. আফজালুল হক আফজাল এবারই প্রথম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপ-পরিষদের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম (১) জানান, আজ শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বার ভবনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে গণনা শুরু হবে এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে তিনি আইনজীবী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। নির্বাচন উপ-পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এম এম মনোয়ার হোসেন ও অ্যাডভোকেট ওহিদুজ্জামান মুকুল।



কমেন্ট বক্স
notebook

ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!