শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
তরুণদের খেলাধুলায় ফেরাতে সব ধরনের সহযোগিতা করব

রাফেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাহিদুজ্জামান টরিক

জেলার ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে : শরীফুজ্জামান
  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২৬ ইং
রাফেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাহিদুজ্জামান টরিক

‘আপনারা মোবাইল ছেড়ে খেলার মাঠে আসুন। আপনারা চুয়াডাঙ্গার সন্তান মানে আমার সন্তান। আপনারা খেলাধুলা করুন, সুস্থ থাকুন। খেলাধুলার প্রসারে যত ধরনের সহযোগিতা প্রয়োজন, আমরা করব ইনশাআল্লাহ।’ তরুণ প্রজন্মের প্রতি এমন আহ্বান জানিয়েছেন সাহেদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রাফেল স্মৃতি সংঘের প্রধান পৃষ্ঠপোষক মো. সাহিদুজ্জামান টরিক।


অন্যদিকে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘একটি মাঠও যেন খালি পড়ে না থাকে, প্রতিটি মাঠে যেন খেলাধুলার আয়োজন করা হয়। আমাদের সন্তানরা যেন মাদক ও মোবাইল ফোনের আসক্তি ছেড়ে আবার খেলার মাঠে ফিরে আসে।’


‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল; প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে শুরু হয়েছে ‘রাফেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’। দেশ-বিদেশের ১৩টি দলের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী এই প্রতিযোগিতাকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা ভি. জে সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


রাফেল স্মৃতি সংঘের (মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা) আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সাহেদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, এআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট এবং রাফেল স্মৃতি সংঘের প্রধান পৃষ্ঠপোষক মো. সাহিদুজ্জামান টরিক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাহিদুজ্জামান টরিক বলেন, ‘খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রত্যেকেরই খেলাধুলা করা উচিত। আজ যদি আমরা খেলাধুলাকে উৎসাহিত ও প্রসারিত না করি, তাহলে আমাদের সন্তানরাও খেলাধুলা থেকে দূরে সরে যাবে এবং মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়বে।’


নিজের শৈশবের স্মৃতিচারণা করে তিনি বলেন, ছোটবেলায় তাঁরা অনেক খেলাধুলা করেছেন। মুক্তিপাড়াতেই তাঁদের খেলাধুলার হাতেখড়ি। তাঁর বড় ভাই আশরাফুল জামান রাফেলও ছিলেন খেলাপ্রেমী মানুষ। তিনি সবার সঙ্গে মিশতেন এবং হাসিমুখে কথা বলতেন। আজ তিনি নেই। তাঁর স্মৃতিকে অম্লান করে রাখতে রাফেল স্মৃতি সংঘ প্রতিষ্ঠা এবং এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


দর্শকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দর্শকরাই খেলার প্রাণ। আপনারা যদি খেলা দেখতে না আসতেন, তাহলে এই খেলার কোনো মূল্য থাকত না। আজকের খেলা দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে এমনকি দেশের বাইরেরও অনেকে এসেছেন। তাঁর দুই ছেলে শেহজাদ সাহেদ ও শেহরান সাহেদ স্কুলের ছুটিতে বাংলাদেশে এসেছে এই খেলা উপভোগ করতে। বড় ছেলে শেহজাদ সাহেদ স্কুলের ভলিবল দলের অধিনায়ক বলেও জানান তিনি।


তরুণ প্রজন্মের উদ্দেশে সাহিদুজ্জামান টরিক বলেন, মোবাইল ছেড়ে সবাইকে খেলার মাঠে আসতে হবে। চুয়াডাঙ্গার তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। চুয়াডাঙ্গার তরুণেরা মোবাইল ফোন কিংবা অন্য কোনো কিছুর আসক্তিতে না জড়িয়ে খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠুক- এটাই তাঁর প্রত্যাশা।


বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ বলেন, চুয়াডাঙ্গায় এ ধরনের ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন একটি নতুন উদ্যোগ। জেলার বিভিন্ন স্থান থেকে খেলোয়াড় ও দর্শকেরা একত্র হয়ে খেলা উপভোগ করতে এসেছেন। আয়োজকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু ব্যাডমিন্টন নয়, এর পাশাপাশি ফুটবলসহ অন্যান্য খেলাধুলারও আয়োজন করতে হবে।
জেলা পরিষদের পক্ষ থেকে খেলাধুলার উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে শরীফুজ্জামান শরীফ বলেন, ইতোমধ্যে চুয়াডাঙ্গার বিভিন্ন স্কুল-কলেজ, ক্লাব ও ফুটবল একাডেমিতে ৩০০টির বেশি ফুটবল বিতরণ করা হয়েছে। জেলার ক্রীড়াঙ্গনকে নতুনভাবে উজ্জীবিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আগামীতেও হবে।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি মাঠও যেন খালি পড়ে না থাকে। প্রতিটি মাঠে খেলাধুলার আয়োজন করতে হবে। সন্তানরা যেন মাদক ও মোবাইল ফোনের আসক্তি ছেড়ে আবার খেলার মাঠে ফিরে আসে। শরীরচর্চার কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।



সমাজের বিত্তবান, ব্যবসায়ী ও সমাজ পরিচালনায় ভূমিকা রাখা ব্যক্তিদের খেলাধুলার প্রসারে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু অর্থনৈতিক সহযোগিতাই নয়, সমাজকে সুস্থ ও সুন্দর রাখতেও সবাইকে ভূমিকা রাখতে হবে। আগামী প্রজন্মের জন্য সমাজকে টিকিয়ে রাখতে খেলাধুলা ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বাঁচিয়ে রাখা জরুরি। এসব ক্ষেত্রে সবাই সহযোগিতা করলে সমাজ সামনের দিকে এগিয়ে যাবে এবং একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে উঠবে।
আয়োজক সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে বাংলাদেশের জাতীয় ও স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড়দের সমন্বয়ে মোট ১৩টি দল অংশ নিচ্ছে। শুক্রবার উদ্বোধনের আগে লটারির মাধ্যমে দলগুলোর খেলার সূচি ও প্রতিপক্ষ নির্ধারণ করা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে শুরু হয় প্রতিযোগিতা। প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হয় প্রথম দিন।


খেলা শুরুর পরপরই দর্শকদের উপস্থিতিতে ভি. জে সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণের গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা খেলোয়াড়দের নৈপুণ্য দেখতে মাঠে ভিড় করেন ক্রীড়াপ্রেমীরা। দর্শকদের উৎসাহ-উদ্দীপনা ও করতালিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। আজ শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় ও শেষ দিনে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চুয়াডাঙ্গা ভি. জে সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে খেলা অনুষ্ঠিত হচ্ছে।


বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নিয়ম অনুযায়ী নকআউট ও লটারি পদ্ধতিতে খেলাগুলো পরিচালিত হচ্ছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে এক লাখ টাকা, রানার্সআপ দলের জন্য ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলের জন্য ২০ হাজার টাকা পুরস্কার। মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। টুর্নামেন্ট উপভোগ করতে জেলার ক্রীড়াপ্রেমী দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, রাফেল স্মৃতি সংঘের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুক্তাসহ সাবেক ও বর্তমান খেলোয়াড়, মুক্তিপাড়ার বাসিন্দা, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



কমেন্ট বক্স
notebook

ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!