রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে শত কোটি টাকার সরকারি প্রতিষ্ঠানের বেহাল দশা

বেগম খালেদা জিয়ার স্বপ্ন পুরণে আমলাতান্ত্রিক বাঁধা
  • আপলোড তারিখঃ ২২-১১-২০২৬ ইং
ঝিনাইদহে শত কোটি টাকার সরকারি প্রতিষ্ঠানের বেহাল দশা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবহেলিত জনপদ ঝিনাইদহে শিক্ষার প্রসার, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ, স্বাস্থ্যসেবা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ১০০ কোটি টাকা ব্যয়ে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছিলেন। চারদলীয় জোট সরকারের আমলে তিনি এসব প্রকল্প উদ্বোধনও করেন। কিন্তু দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ও রাজনৈতিক বঞ্চনায় এসব প্রকল্প মুখ থুবড়ে পড়ে আছে। এসব প্রকল্পের মধ্যে কিছু চালু হলেও জনবলের অভাবে সেবা পাচ্ছে না মানুষ। আবার কিছু প্রকল্প পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার ৯ মাস পার হলেও এ সব প্রকল্প চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে মরহুম বেগম খালেদা জিয়ার স্বপ্ন পুরণে আমলাতান্ত্রিক বাঁধা সৃষ্টি হয়েছে।
তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও জীবনমানের কথা চিন্তা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় সাবেক সংসদ সদস্য প্রয়াত মসিউর রহমান ট্রমা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেন। দীর্ঘ ১৩ বছর ঝুলে থাকার পর প্রায় ৬ কোটি টাকার ঝিনাইদহ ট্রমা হাসপাতাল প্রকল্পটি বাতিল করা হয়, যা সড়ক দুর্ঘটনায় আহত মানুষের জীবন বাঁচাতে অত্যন্ত জরুরি ছিল। ২০০৮ সালে গ্যাস লাইন নির্মাণের পর গ্যাস সরবরাহ করা হলেও তা পড়ে আছে। ১৮ বছরেও শিল্প বা বাসাবাড়িতে গ্যাস দেওয়া সম্ভব হয়নি।


ওই সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে ঝিনাইদহ খাবার স্যালাইন ফ্যাক্টরি প্রকল্প এবং সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট প্রকল্প বাতিল করা হয়। এছাড়া ঝিনাইদহ ম্যাটস, চক্ষু হাসপাতাল, দেশের একমাত্র সরকারি শিশু হাসপাতাল, চাকলাপাড়ার আইএইচটি, হরিণাকুন্ডুর বিএসসি নার্সিং ট্রেনিং কেন্দ্র, ঝিনাইদহ নার্সিং ট্রেনিং সেন্টার এবং পরিবার পরিকল্পনা বিভাগ জনবলের অভাবে দীর্ঘদিন ধরে সরকারি প্রতিষ্ঠানগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। বিশেষ করে ম্যাটসে কোনো জনবলই না থাকায় যেকোনো সময় এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এছাড়া বেগম খালেদা জিয়া ঝিনাইদহ চক্ষু হাসপাতালকে সরকারি করার ঘোষণা এবং একটি অ্যাম্বুলেন্স প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তাঁর এই প্রতিশ্রুতি পরবর্তীতে আর বাস্তবায়ন হয়নি।


এদিকে শৈলকুপার দুধসর, কাঁচেরকোল, মহেশপুরের ভৈরবা, সদর উপজেলার দক্ষিণ কাটসাগরা এবং কালীগঞ্জ পৌরসভা এলাকায় ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হলেও বিগত আট বছর ধরে সেগুলো চালু হয়নি। কোটি টাকা খরচে সুদৃশ্য ভবন, দামি আসবাবপত্র ও আধুনিক যন্ত্রপাতি বসানো থাকলেও কেবল জনবলের অভাবে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে সেবাকেন্দ্রগুলো। ঠিক একইভাবে জেলা সদরের হাটগোপালপুর ২৫ শয্যাবিশিষ্ট হাসপাতালের জন্য জমি অধিগ্রহণ করা হলেও আলোর মুখ দেখেনি সেই প্রকল্প।


এছাড়া ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের ১৫৫ পদের নিয়োগ বছরের পর বছর ঝুলে আছে। বরাদ্দ না দেওয়ায় মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে শিক্ষা ক্ষেত্রেও লেগেছে অবহেলার ছোঁয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণকৃত সরকারি কেসি কলেজের ছাত্রবাসটি প্রায় ১৬ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা মারাত্মক আবাসন সংকটে ভুগছেন। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে জেলার গ্রামীণ সড়কগুলো চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে, যদিও ঝিনাইদহের বিভিন্ন রাস্তাঘাট বৃহত্তর যশোর প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু একনেকে পাস না হওয়ায় কাজ শুরু হচ্ছে না।


ঝিনাইদহের সচেতন নাগরিক সিরাজুল হক জানান, জেলার তিন কৃতি সন্তান আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এখন সরকারের উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। তাঁদের উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে গৃহীত প্রকল্পগুলো যাতে আলোর মুখ দেখে সেই উদ্যোগ নেওয়া। বাতিল হওয়া খাবার স্যালাইন ফ্যাক্টরি, ট্রমা হাসপাতাল ও করোনারি কেয়ার প্রকল্প যাতে চালু হয়।


এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান জানিয়েছেন, এসব দীর্ঘদিনের সমস্যা সমাধানে বর্তমান সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি সরকারের আমলে প্রতিষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতে, প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে এবং আধুনিক যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করতে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার প্রদান করা হয়েছে। তিনি আশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধনকৃত প্রতিষ্ঠানগুলো যাতে প্রাণ ফিরে পায় সে ব্যবস্থা নেবেন।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কোডিন ফসফেট উইসেরক্স নামীয় সিরাপ উদ্ধার, গ্রেফতার ১