মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করায় রুহুল কুদ্দুসকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণের মেহেরপুর সদর প্রতিনিধি এস এ খান শিল্টু ও জামিল হোসেন। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দৈনিক সময়ের সমীকরণের দুই প্রতিনিধি। এসময় তারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে ইউএনও রুহুল কুদ্দুস আন্তরিকতার সঙ্গে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি মেহেরপুরের উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
খুলনা জেলার পাইকগাছা উপজেলার আলতলা গ্রামের বাসিন্দা রুহুল কুদ্দুস ২০০৫ সালে লক্ষীখোলা কলেজিয়েট স্কুল থেকে এসএসসি, ২০০৭ সালে খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি, ২০১৩ সালে পটুয়াখালী থেকে স্নাতক (সম্মান) এবং ২০১৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০১৪ সালের ডিসেম্বর মাসে পূবালী ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। এরপর রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং পর্যায়ক্রমে তালা ও মোড়েলগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২৩ সালের দিকে পাবলিক পলিসি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপানে প্রায় আড়াই বছর অবস্থান করেন।
মেহেরপুর সদর উপজেলায় যোগদানের পর নিজের কর্মপরিকল্পনা সম্পর্কে নবাগত ইউএনও রুহুল কুদ্দুস বলেন, ‘হয়রানিমুক্ত নাগরিক সেবা দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আমি কোনো নাগরিককে কষ্ট দিতে চাই না। আমার কার্যালয় থেকে কেউ কষ্ট পেয়ে ফিরে যাবেন, এটা আমার কাম্য নয়।’
প্রতিবেদক মেহেরপুর