নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান- টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। সভায় শুরুতে চুয়াডাঙ্গা জেলার সার্বিক তথ্য-উপাত্ত উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক ওয়ালিউর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারেক উজ-জামানের সঞ্চালনায় সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, এটি একটি দেশের উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনসহ প্রতিটি ক্ষেত্রেই সঠিক পরিসংখ্যানের প্রয়োজন রয়েছে। তাই তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে নির্ভুল পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের পেশাদারত্ব, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্ভরযোগ্য পরিসংখ্যানের মাধ্যমে সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক