দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ হাউলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ এলাকা জয়রামপুর রেলস্টেশনপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। আবু সাঈদ খোকন (৫৭) জয়রামপুর রেলস্টেশনপাড়ার মৃত আবু তাহেরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার ওসি রাসেল মিয়ার নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) ফাইমসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এসময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবু সাঈদ খোকনকে আটক করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার নম্বর ৮, তারিখ ৬ জুন ২০২৬। পরে গতকাল রোববার তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি রাসেল মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবু সাঈদ খোকনকে আটক করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদক দামুড়হুদা