সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুনিয়াচাঁদপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার ও সাবেক সভাপতির দাবি

টাকা আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’
  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২৬ ইং
কুনিয়াচাঁদপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার ও সাবেক সভাপতির দাবি

দামুড়হুদা উপজেলার কুনিয়াচাঁদপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার ও এডহক কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানিয়েছেন মাদ্রাসার সুপার আবু বকর সিদ্দিক ও সাবেক সভাপতি। তাঁদের দাবি, একটি পক্ষ মাদ্রাসার সভাপতি হওয়ার উদ্দেশ্যে তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে তাঁরা এসব অভিযোগের বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।


মাদ্রাসা সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার নতুন বাস্তবপুর গ্রামের ইসমাইলের ছেলে আবু বকর সিদ্দিক দীর্ঘদিন ধরে কুনিয়াচাঁদপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে তিনি বলেন, মাদ্রাসার জমিতে থাকা কিছু বাঁশ হেলে পড়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। পরে সংশ্লিষ্ট সবার সিদ্ধান্তক্রমে রেজুলেশনের মাধ্যমে ৮০টি পাকা বাঁশ বিক্রি করা হয়। বিক্রির সম্পূর্ণ টাকা নিয়ম অনুযায়ী মাদ্রাসার ক্যাশে জমা রাখা হয়েছে।


তিনি আরও বলেন, বৈশাখ মাসের ঝড়ে কয়েকটি গাছের ডাল ভেঙে যায়। পরবর্তী সময়ে গাছগুলো কেটে আসবাবপত্র তৈরির জন্য চিরে রাখা হয়। অবশিষ্ট কাঠ ও খড়ি বিক্রি করে সেই টাকাও মাদ্রাসার ফান্ডে জমা দেওয়া হয়েছে।
সুপার আবু বকর সিদ্দিকের অভিযোগ, প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে সেশন চার্জ আদায় করা হয়। এ দায়িত্ব পালন করেন মাদ্রাসার সহকারী শিক্ষক ইকবাল হোসেন। আদায় করা টাকার একটি অংশ শিক্ষকদের মধ্যে বণ্টন করা হলেও বাকি টাকার হিসাব চাওয়া হলে তিনি তা দিতে গড়িমসি করেন।


এছাড়া মাদ্রাসার সহকারী শিক্ষক মকবুল হোসেনের ছেলে ইউসুফ এবং আবুল মাস্টারের ছেলে ইকবাল হোসেন নিয়মিত সময়ে মাদ্রাসায় উপস্থিত হন না এবং যথাযথভাবে ক্লাসও নেন না বলে অভিযোগ করেন সুপার। তাঁর দাবি, এসব বিষয় তদারকি করতে গেলে তাঁরা ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন।


ঘটনার বিবরণ দিয়ে আবু বকর সিদ্দিক বলেন, গত ৩ নভেম্বর কুনিয়াচাঁদপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল হামিদ মাদ্রাসায় এসে নতুন ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে জানতে চান। তখন তাঁকে জানানো হয়, নিয়ম অনুযায়ী কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনীয় সার্টিফিকেট জমা দেওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশনা দিয়েছেন। এ সময় আব্দুল হামিদ বলেন, কী জমা দিতে হবে, তা তিনি দেখবেন। পরে বিদ্যুৎ চলে যাওয়ার কথা বলে পরিস্থিতির সৃষ্টি হয় এবং সহকারী শিক্ষক ইউসুফ ঘরের দরজা বন্ধ করে তাঁকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ করেন সুপার। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন তিনি।


এদিকে মাদ্রাসার সাবেক সভাপতি সুপারের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, আবু বকর সিদ্দিক যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলো সত্য। মাদ্রাসার সভাপতি হওয়ার উদ্দেশ্যে একটি পক্ষ বিভিন্ন কৌশল অবলম্বন করছে এবং মিথ্যা অপবাদ ছড়াচ্ছে বলে তিনি দাবি করেন।


তিনি আরও বলেন, পুকুর ইজারা নেওয়া ব্যক্তি জানেন বাবলা গাছটি কে কেটেছেন। একজন শিক্ষিত মানুষের গায়ে হাত তোলার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।



কমেন্ট বক্স
notebook

মন্ত্রণালয়ের অনৈতিক আবদারে ছাড় হচ্ছে না নিয়োগ পরীক্ষার অর্থ