গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাদন খেলাকে ঘিরে আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা বাজারপাড়ায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত ১৬ দলীয় ‘চিৎলা বাজারপাড়া গাদন টুর্নামেন্ট-২০২৬’-এর দ্বিতীয় ম্যাচে বগাদী একাদশকে ৩-১ গাদনে পরাজিত করে দুর্দান্ত জয় পেয়েছে রুইথনপুর একাদশ। গতকাল সোমবার বিকেল ৪টায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। শেষ পর্যন্ত ৩-১ গাদনের ব্যবধানে জয় নিশ্চিত করে রুইথনপুর একাদশ।
খেলায় রুইথনপুর একাদশের মোহাম্মদ নিশান মিয়া প্রথম গাদন করার কৃতিত্ব অর্জন করেন। তাঁর হাতে প্রথম গাদনের পুরস্কার তুলে দেন শহিদুল ইসলাম। অন্যদিকে, পুরো ম্যাচে অসাধারণ নৈপুণ্য ও দক্ষতা প্রদর্শন করে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন রুইথনপুর একাদশের মোহাম্মদ রাজন হোসেন। তাঁকে ম্যাচসেরার পুরস্কার প্রদান করেন দুবাইপ্রবাসী শারিফুল ইসলাম। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ আতর আলী মালিতা।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আতিয়ার মালিতা। কমিটির সহসভাপতি রবিল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক, সহসাধারণ সম্পাদক মিলন হোসেন এবং কোষাধ্যক্ষ শিপুল হোসেন। এছাড়া খেলা পরিচালনায় রয়েছেন তারিকুল ও হৃদয়, দল পরিচালনায় আবদুল্লাহ ও সাজিবুল এবং কমিটি পরিচালনায় ইকতার ও মাসুদ।
খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন মাহাবুব হাসান মাবুদ, শিমুল হোসেন (আলামিন), আল আমিন বিশ্বাস, মারিকুল মালিতা, নাসির মালিতা, রাহেন মন্ডল, ঝন্টু মালিতা ও সাইফুল মালিতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাদন খেলাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই ১৬ দলীয় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দয়ে এলাকার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।
প্রতিবেদক হাটবোয়ালিয়া