আলমডাঙ্গায় শারদীয় দুর্গাপূজার মহানবমীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি পৌর শহরের রথতলা ও কলেজপাড়া দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার উপলক্ষ।’
তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবেন এবং একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেবেন।’
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও প্রবাসী ব্যবসায়ী হাসিবুল হক লিপু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহাবুল মাস্টার, বিএনপি নেতা আলমগীর হোসেন লালন, রফিকুল ইসলাম ও আলতাফ হোসেন।
এছাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল কাদের, রথতলা পূজামন্দিরের সভাপতি বিদ্যুৎ সাহা, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা এবং কলেজপাড়া মন্দিরের সভাপতি পরিমল কুমার ঘোষ কালুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান প্রতিবেদক,আলমডাঙ্গা