চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে গোয়ালঘর থেকে দুটি লাল রঙের বড় গরু চুরি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গরুর মালিক আবু মুসা। চুরি হওয়া গরু দুটির বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা বলে দাবি তাঁর। ভুক্তভোগী আবু মুসা শাহাপুর গ্রামের মৃত ছামাদ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন দরিদ্র কৃষক।
আবু মুসা জানান, সোমবার রাতে গ্রামের একটি মাহফিল শেষে তিনি বাড়িতে ফেরেন। এরপর রাত আনুমানিক ১টার দিকে গোয়ালঘরে গিয়ে গরু দুটিকে ঘাস ও পানি খেতে দেন। পরে রাত দেড়টার দিকে নিজের ঘরে ঘুমাতে যান। ভোর ৬টার দিকে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন, তাঁর দুটি লাল রঙের ষাঁড় গরু সেখানে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও গরু দুটির সন্ধান পাননি বলে জানান তিনি।
গরু হারিয়ে অসহায় হয়ে পড়া আবু মুসা বলেন, ‘আমি একজন দরিদ্র কৃষক। গরু দুটির ওপরই আমার সংসার অনেকটা নির্ভরশীল। গরু পালন করে এবং কৃষিকাজ করে আমি সংসার চালাই। প্রায় তিন মাস আগে গরু দুটি ১ লাখ ৭২ হাজার টাকায় কিনেছিলাম। বর্তমানে বাজারদর অনুযায়ী গরু দুটির মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা। গোয়ালঘর থেকে গরু দুটি চুরি হয়ে যাওয়ায় আমি খুব বিপদে পড়ে গেছি। এত বড় ক্ষতি কীভাবে সামাল দেব, তা বুঝতে পারছি না।’
প্রতিবেদক সরোজগঞ্জ