শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ ক্যাডেট কলেজে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতা

দাওয়াত দিয়ে সাংবাদিকদের প্রবেশে বাধা
  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২৬ ইং
ঝিনাইদহ ক্যাডেট কলেজে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতা

ঝিনাইদহ ক্যাডেট কলেজে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলার সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ঘটনার প্রতিবাদে ক্যাডেট কলেজের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন।


ক্ষুব্ধ সংবাদকর্মীরা জানান, গত ১০ অক্টোবর ঝিনাইদহ ক্যাডেট কলেজে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানেও জেলার কয়েকজন সংবাদকর্মীকে আমন্ত্রণ জানিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। সমাপনী অনুষ্ঠানেও সাংবাদিকদের চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণপত্র পেয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদকর্মীরা কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন। তবে সেখানে পৌঁছানোর পর তাঁদের জানানো হয়, অনুষ্ঠানে প্রবেশের অনুমতি নেই। পরে তাঁদের কলেজ ক্যাম্পাস ছাড়তে বলা হয়।


সাংবাদিকদের অভিযোগ, যথাযথ প্রক্রিয়ায় চিঠি দিয়ে আমন্ত্রণ জানানোর পরও তাঁদের প্রবেশ করতে না দেওয়ার বিষয়টি অনাকাক্সিক্ষত ও অপমানজনক। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।


ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন বলেন, ‘সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এর নিন্দা জানাই। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’ তিনি আরও বলেন, এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সব ধরনের সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।


জেলা প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান বলেন, কলেজ কর্তৃপক্ষ বিভিন্নভাবে যাচাই-বাছাই করে চিঠির মাধ্যমে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছিল। এরপরও তাঁদের প্রবেশ করতে না দেওয়া অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


এ বিষয়ে জানতে ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে অ্যাডজুটেন্টের সঙ্গে কথা বলুন। আমন্ত্রণ জানানোর বিষয়টি আমার জানা নেই।



কমেন্ট বক্স
notebook

মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হেলেনা আক্তার নিপার বিরুদ্ধে অভিযোগ