মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের একটি আমবাগান থেকে রজনী খাতুন (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রজনী খাতুন মুজিবনগর থানার রশিকপুর গ্রামের রইদুল শেখের মেয়ে এবং মুজিবনগর উপজেলার সোনাপুর নতুন পাড়ার রিপন শেখের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাবুপুর গ্রামের কিছু লোক সকালে প্রাত্যহিক হাঁটাহাঁটির উদ্দেশ্যে বের হন। এসময় তারা বাবুপুর মাঠের একটি ব্রিজের ওপর থেকে পার্শ্ববর্তী আম বাগানে গাছের সাথে রজনী খাতুনের লাশ ঝুলতে দেখেন। খবরটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, সকালের কোনো এক সময়ে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মুজিবনগর অফিস