জীবননগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদ্যাপনের প্রস্তুতিসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বলেন, জীবননগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে নিয়ে মব সৃষ্টি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক, তাকে ছাড় দেওয়া যাবে না। প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে, তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা যাবে না।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে কি না, সে বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে না গেলে প্রধান শিক্ষককে তার অভিভাবককে অবহিত করতে হবে। জীবননগর উপজেলায় জেলা পরিষদের দোকানগুলোতে ব্যবসায়ীরা যেন নিয়ম মেনে ব্যবসা করতে পারেন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখতে হবে।
আসন্ন শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করবেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী, জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, জীবননগর থানার ওসি সোলায়মান শেখ, বিজিবির প্রতিনিধি শাকিবুর রহমান, জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, কৃষি অফিসার আলমগীর হোসেন, সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, সমাজসেবা অফিসার জাকির উদ্দিন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আক্তার, প্রাণিসম্পদ অফিসার শামছুল আফরিন ও জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, চোরাচালান, ইভটিজিং, বাল্যবিবাহ, মানবপাচার ও অনলাইন জুয়া প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে মতবিনিময় করা হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির সদস্য, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
জীবননগর অফিস