ব্যবসায়িক পার্টনারের করা প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় উজ্জ্বল হোসেন নামের এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। উজ্জ্বল হোসেন মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের মিজারুলের ছেলে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার সময় মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজনীন রেহেনা এ রায় দেন।
রায়ের আদেশে বলা হয়েছে, জরিমানার অর্থ বিধি মোতাবেক আদায়ের পর চেকে বর্ণিত ৩০ লাখ টাকা পাবেন। একই সঙ্গে আসামি উজ্জ্বল হোসেনকে এক বছর কারাদণ্ড প্রদান করেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সেলিম রেজা কল্লোল। মামলার রায়ে ভুক্তভোগী মো. বুলবুল সন্তোষ প্রকাশ করে আদালত এবং রায় প্রদানকারী বিচারক নাজনীন রেহেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বুলবুল বলেন, ‘চেক ডিজঅনারের এ মামলাটি করায় আমাকে অনেক হয়রানি করা হয়েছিল। মামলা প্রত্যাহারের জন্য আমাকে বারবার হুমকিও দেওয়া হয়েছিল। অবশেষে আজ আমি ন্যায়বিচার পেলাম।’
প্রতিবেদক মেহেরপুর