জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মহিলা কওমি মাদ্রাসা নূরানী একাডেমির উদ্যোগে পবিত্র কুরআন হেফজ সম্পন্নকারী কৃতী ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়া মহিলা কওমি মাদ্রাসার নিজস্ব ভবনের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে হেফজ সমাপনী ও শিক্ষা সমাপনী বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
আন্দুলবাড়ীয়া মহিলা কওমি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জীবননগর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আবু-জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে অবস্থিত মারকাজুল উলুম আল-ইসলামিয়া কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরত মাওলানা আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেডিকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও কাশিপুর মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা আব্দুস সাত্তার, আন্দুলবাড়ীয়া মুহাম্মাদীয়া দারুল উলুম কওমি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং পরিচালনা কমিটির সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম (চঞ্চল), মুহতামিম হযরত মাওলানা মো. মুফতি শহিদুল ইসলাম সোহেল আশরাফী এবং আন্দুলবাড়ীয়া মহিলা কওমি মাদ্রাসার সাবেক মুহতামিম হযরত মাওলানা বদরুজ্জামান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া মহিলা কওমি মাদ্রাসা নূরানী একাডেমির মুহতামিম হযরত মাওলানা মো. তরিকুল ইসলাম মাহমুদী। তিনি দ্বীনি ও নারী শিক্ষাপ্রতিষ্ঠানের কল্যাণ এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শমূলক আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ আল-মামুন। পরে মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মো. তরিকুল ইসলাম মাহমুদীর দুই পুত্র মাহমুদ উল্লাহ ও আহমাদ উল্লাহ সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মো. তরিকুল ইসলাম মাহমুদী।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া