চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে নয়মাইল বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নয়মাইল বাজার চুয়াডাঙ্গা সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা। প্রতি শনিবার এখানে বড় ধরনের গরু-ছাগলের হাট বসে। হাটের দিন বাজার ও সড়কে মানুষের চলাচল কয়েকগুণ বেড়ে যায়। এর মধ্যে বেপরোয়া ও দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে পথচারী, ব্যবসায়ী ও হাটে আসা মানুষের মধ্যে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
বক্তারা আরও বলেন, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় এক শিশুর প্রাণহানি ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একটি দুর্ঘটনার পর আরেকটি দুর্ঘটনার অপেক্ষায় না থেকে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
মানববন্ধন থেকে স্থানীয়রা নয়মাইল বাজারের দুই পাশে প্রয়োজনীয় স্থানে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান। যাতে বাজার এলাকায় প্রবেশের সময় দ্রুতগতির যানবাহনগুলো গতি কমিয়ে চলাচল করে। পাশাপাশি স্পিড ব্রেকারের আগে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনসহ প্রয়োজনীয় সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, ‘আমাদের দাবি একটাই- নয়মাইল বাজারে নিরাপদ ও কার্যকর স্পিড ব্রেকার স্থাপন করতে হবে। মানুষের জীবন রক্ষায় দ্রুত এ ব্যবস্থা বাস্তবায়ন করা জরুরি।’
প্রতিবেদক সরোজগঞ্জ