পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় কোর্টমোড় ডাকবাংলো প্রাঙ্গণে চুয়াডাঙ্গা জেলা যুবদলের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরাতন হাসপাতাল সড়ক, বড় বাজার ও শহীদ আবুল কাশেম সড়ক হয়ে দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সমন্বয়ে শেখ হাসিনা ও তাঁর দোসররা আজ বহু দূরে পলাতক। তারা দূরে থেকেও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।’ তিনি আরও বলেন, ‘বিগত ১৭ বছরে আমরা অনেক রক্ত দিয়েছি। বহু মানুষ গুম হয়েছেন এবং অনেকে বিভিন্ন মামলায় জড়িয়েছেন।’’
সাইফুর রশীদ ঝণ্টু বলেন, ‘আগামী ২৫ সেপ্টেম্বর জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হবে। আজকের মতো আগামী ২৫ সেপ্টেম্বরও আপনারা উপস্থিত থাকবেন।’ চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান বলেন, ‘আপনারা আজ উপস্থিত হয়ে প্রমাণ করেছেন, বিগত ১৭ বছর রাজপথে থেকে আপনারা শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে বিগত সরকারের লোকজন নিরীহ মানুষের ওপর অত্যাচার শুরু করেছে। যারা আজকের সমাবেশে উপস্থিত হয়েও কর্মসূচিতে অংশ নেননি, তাদের নাম ও ফুটেজ আমাদের কাছে দেবেন। আমরা ব্যবস্থা নেব।’ সমাবেশে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিপ্লবসহ সদর উপজেলা, আলমডাঙ্গা উপজেলা, জীবননগর, দামুড়হুদা ও দর্শনা থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
নিজস্ব প্রতিবেদক