দামুড়হুদায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ গ্রাম গাঁজাসহ বিপুল মণ্ডল (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে দামুড়হুদা উপজেলার পরানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিপুল মণ্ডল জয়রামপুর গ্রামের ঠান্ডু মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিনের তত্ত্বাবধানে এসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। লোকনাথপুর থেকে দর্শনাগামী সড়কে পরানপুর অস্থায়ী পুলিশ চেকপোস্টের পাশে পাকা রাস্তা থেকে বিপুল মণ্ডলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির বাম কোচড় থেকে সাদা পলিথিনে মোড়ানো ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার সংক্ষিপ্ত বিচারের জন্য তাকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত বিপুল মণ্ডলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতসহ অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদক দামুড়হুদা