সুপেয় ও নিরাপদ পানি নিশ্চিত করতে জীবননগর উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে ৫০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এসব টিউবওয়েল বিতরণ করা হয়। টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী সমাজসেবা অফিসার মো. গিয়াস উদ্দীন তুষার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা এরিয়া অফিসের ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদ। আয়োজকরা জানান, জীবননগর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মোট ৫০টি টিউবওয়েল দেওয়া হয়েছে। এর মাধ্যমে নিরাপদ পানির সংকট কিছুটা কমার পাশাপাশি স্থানীয় মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হবে।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
জীবননগর অফিস