দর্শনা পৌরসভার রেলবাজারের ফুলতলা এলাকায় গাঁজা বেচাকেনার সময় দুই যুবককে আটক করেছে থানা-পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন দর্শনা পৌর এলাকার পাঠানপাড়ার নাহিদ পেরুর ছেলে রুমন (২৫) ও একই এলাকার শেখ মানিকের ছেলে কামরুল (২৪)। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মুস্তাফিজুর রহমানসহ পুলিশের একটি দল ফুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে পকেট থেকে ৪৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
দর্শনা থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা এলাকায় পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক দুজনকে থানাহেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার আদালতে হাজির করা হবে।
দর্শনা অফিস