দর্শনার আকন্দবাড়িয়া স্কুলপাড়া এলাকায় একটি মোটরসাইকেল থেকে ৩৫ বোতল এস্কার্ফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের অভিযানের সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি সেটি ফেলে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে পুলিশ মোটরসাইকেল ও উদ্ধার হওয়া মাদক জব্দ করে থানায় নিয়ে যায়। গতকাল শনিবার বেলা ২টার দিকে আকন্দবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে করে দুই ব্যক্তি আকন্দবাড়িয়া এলাকায় যাচ্ছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা মোটরসাইকেলটি থামার সংকেত দেন। এ সময় তারা মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরে কমিটির সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে ভারত থেকে পাচার করে আনা ৩৫ বোতল এস্কার্ফ সিরাপ উদ্ধার করেন। খবর পেয়ে দর্শনা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল ও উদ্ধার হওয়া সিরাপ জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা মানিকপুর গ্রামের মক্কাই আলীর ছেলে রাজা (২৮) ও আরশাফুলের ছেলে বিকাশ (৩০)। তবে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
দর্শনা থানার ওসি নজরুল ইসলাম বলেন, স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে আকন্দবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও ৩৫ বোতল এসকার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মালামাল থানার হেফাজতে নেওয়া হয়েছে।
দর্শনা অফিস