‘মাদক মুক্ত সমাজ গড়ি, সুন্দর ভবিষ্যৎ জয়রামপুর গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা উপজেলার জয়রামপুর চায়ের দোকান বাজার মাঠে সর্বস্তরের জনসাধারণের মধ্যে মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাদকবিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জয়রামপুর গ্রামে মাদক নিয়ন্ত্রণে জয়রামপুর সচেতন যুব সমাজের উদ্যোগে জয়রামপুর চায়ের দোকান বাজার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসমাবেশে হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে বলেন, ‘মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তাই আজ থেকেই মাদক কেনাবেচা বন্ধ করতে হবে। যারা এখনও এই অপরাধে জড়িত আছেন, তারা স্বাভাবিক জীবনে ফিরে আসুন। অন্যথায় মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।" তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়; এজন্য জনগণ, অভিভাবক, যুবসমাজ এবং সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সার্কেলের এএসপি শেখ মোহাম্মদ নুরুল্লাহ, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, দামুড়হুদা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মেজবাহ উদ্দিন। এছাড়া হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিস আক্তার সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, হাউলী ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল হক, জয়রামপুর মাদক নির্মূল কমিটির সদস্য ফারুক হোসাইন বাবু, গোলাম সরোয়ার ছোটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন টুটুল।
সমাবেশে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে মাদক বিরোধী বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য ও প্রচারণা পরিচালনা করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত জনতার সামনে জয়রামপুর মল্লিক পাড়ার মনিরের ছেলে জালাল পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের কাছে আত্মসমর্পণ করেন। তিনি প্রকাশ্যে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন। এসময় পুলিশ সুপার তাকে সৎ পথে চলার আহ্বান জানান এবং সমাজের মূল ধারায় ফিরে এসে আইন মেনে জীবনযাপন করার সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন।
প্রতিবেদক দামুড়হুদা