‘সবুজ হোক আমাদের পরিবেশ, বাঁচুক আমাদের আগামী প্রজন্ম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে পর্যায়ে ১২ শতাধিক বনজ গাছ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার হাউলী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিদের হাতে এসব গাছ তুলে দেওয়া হয়।
সরকারের নির্বাচনী ইশতেহার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে হাউলী ইউনিয়ন পরিষদ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ইউনিয়নের বিভিন্ন কবরস্থানে সবুজায়নের লক্ষ্যে গাছগুলো বিতরণ করা হয়। গাছের পাশাপাশি চারা সংরক্ষণ ও রোপণের সুবিধার্থে বাঁশের খুঁটি এবং প্লাস্টিকের টিউব পাইপও বিতরণ করা হয়েছে। হাউলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কবরস্থানে এসব বনজ গাছ রোপণ করা হবে।
আয়োজকরা জানান, শুধু গাছ বিতরণ করাই নয়, গাছগুলো যাতে সঠিকভাবে বেড়ে ওঠে সে জন্য রোপণের পর নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। কবরস্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে এলাকাগুলোও হয়ে উঠবে সবুজ ও মনোরম।
গাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, দামুড়হুদা উপজেলা বিএনপির সহসভাপতি সলেমান মল্লিক, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, হাউলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা ও রিকাত আলী, শাহজামাল সহ বিভিন্ন কবরস্থানের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
প্রতিবেদক দামুড়হুদা