‘মাদককে না বলি, মাদক ছেড়ে খেলা ধরি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া স্টেশনপাড়া ফ্রেন্ডস্ ক্লাবের উদ্যোগে ৮ দলীয় আন্তঃভিলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলার আয়োজন করা হয়। উদ্বোধনী দিনের প্রথম খেলায় আন্দুলবাড়ীয়া কুলতলা হঠাৎপাড়া ফুটবল একাদশকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করে আন্দুলবাড়ীয়া ঘরামীপাড়া ফুটবল একাদশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইয়ারুল হক, মোল্লা ফিরতাজ ও ইস্রাফিল। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ৮ দলীয় আন্তঃভিলেজ ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি ও আন্দুলবাড়ীয়া স্টেশনপাড়া ফ্রেন্ডস ক্লাবের সদস্য খন্দকার খালিদ হাসান রানা, চঞ্চল, সাজিম, জিতু, বরিনসহ আরও অনেকে।
মাঠজুড়ে শত শত ফুটবলপ্রেমী দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও করতালির মধ্যদিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় আন্দুলবাড়ীয়া ঘরামীপাড়া ফুটবল একাদশের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন আব্দুস সালাম। খেলায় দারুণ পারফরম্যান্সের জন্য তরুণ ও উদীয়মান খেলোয়াড় আব্দুস সালামকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোল্লা মকছেদুর রহমান টিক্কা। টুর্নামেন্টটি সার্বিকভাবে পরিচালনায় সহযোগিতা করছেন আন্দুলবাড়ীয়া স্টেশনপাড়া ফ্রেন্ডস্ ক্লাবের সদস্য ও স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবকেরা।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া