মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারিসহ ৩ নেতাকে পুনর্বহাল

  • আপলোড তারিখঃ ১৫-০৯-২০২৬ ইং
জীবননগরের বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারিসহ ৩ নেতাকে পুনর্বহাল

জীবননগর উপজেলার ৩ নম্বর বাঁকা ইউনিয়ন বিএনপির তিন নেতাকে দলীয় পদে পুনর্বহাল করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে তিন নেতাকে স্বপদে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে জীবননগর উপজেলা বিএনপি।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খান (খোকন) ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন।

চিঠিতে বলা হয়, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর বাঁকা ইউনিয়ন পরিষদে জৈব সার পরিবহনকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পরবর্তীতে প্রচারিত অপপ্রচারের বিষয়ে উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের মাধ্যমে নিরপেক্ষভাবে সরেজমিনে তদন্ত করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তে প্রমাণিত হয়েছে, ওই ঘটনার সঙ্গে ৩ নম্বর বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবুল খালেক, সহসভাপতি মো. খায়রুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক মো. আবুল বাসার কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না।

চিঠিতে আরও বলা হয়, ব্যক্তিস্বার্থান্বেষী মহলের ভুল বোঝাবুঝি ও উদ্দেশ্যমূলক অপপ্রচারের কারণে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে জীবননগর থানার বরাবর লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়েছে।

অতএব, দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সার্বিক স্বার্থ বিবেচনা করে ওই নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও অনাকাঙ্ক্ষিত প্রমাণিত হওয়ায় তাদের দায়-দায়িত্ব ও অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩ নম্বর বাঁকা ইউনিয়ন শাখা বিএনপির ওই নেতাদের স্ব স্ব পদে পুনর্বহাল করা হয়েছে।

চিঠিতে আশা প্রকাশ করা হয়, পুনর্বহাল হওয়া নেতারা নিজ নিজ পদে দায়িত্বশীল থেকে দলীয় শৃঙ্খলা বজায় রাখবেন এবং জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচন সামনে রেখে দলকে সুসংগঠিত ও বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরের বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারিসহ ৩ নেতাকে পুনর্বহাল