মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে গাংনীতে সেলাই প্রশিক্ষণ নেওয়া ৬০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা নাবিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জাভেদ মাসুদ মিল্টন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে এ কার্যক্রম নেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেয়ে নারীরা নিজেরাই আয় করতে পারবেন। এতে তাঁরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারে স্বচ্ছলতা আসবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।
প্রতিবেদক গাংনী