জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের কমিউনিটি ক্লিনিকের সেবার মান দারিদ্র ও জনবান্ধব করার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিচালনা কমিটির সাথে লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে সেনেরহুদা গ্রামের কমিউনিটি ক্লিনিকে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানের শুরুতেই কমিউনিটি ক্লিনিকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সভাপতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা লোকমোর্চা সভাপতি ও উথলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উথলী ইউনিয়ন লোকমোর্চার সভাপতি আব্দুল মান্নান পিল্টু, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সেনেরহুদা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শেফালী খাতুন। এছাড়া বক্তব্য দেন উথলী ইউনিয়ন লোকমোর্চার সদস্য ও উথলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত খাঁন, জয়নব বেগম, আব্দুল খালেক, সেনেরহুদা ৪ নম্বর ওয়ার্ডের জামায়াত ইসলামের সভাপতি সাইদুর রহমান, সেনেরহুদা ৫ নম্বর ওয়ার্ডের জামায়াত ইসলামের সভাপতি হাফিজুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন লোকমোর্চার সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল আলীম সজল।
প্রধান অতিথি আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে এর কার্যক্রমের অনেক সমস্যা রয়েছে, পাশাপাশি ভবিষ্যতে আরও কার্যকর হওয়ার বড় সম্ভাবনা রয়েছে। সম্মিলিত আলোচনায় আসে, কমিউনিটি ক্লিনিকে ভবিষ্যৎ সম্ভাবনা অনেক বড়, তবে জনবল, ওষুধ, অবকাঠামো, সরঞ্জাম ও তদারকি ব্যবস্থা শক্তিশালী করা গেলে এটি গ্রামীণ জনগণের জন্য আরও কার্যকর ও টেকসই প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে।
প্রতিবেদক উথলী