দামুড়হুদায় ইট কেনার কথা বলে ইটভাটার কর্মচারীর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। গতকাল রোববার বেলা ২টার দিকে উপজেলার চিৎলা গ্রামের দেশ ইটভাটায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাটার কর্মচারী বাপ্পি হোসেন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দুপুরের দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি দেশ ইটভাটায় গিয়ে চার গাড়ি ইট কেনার কথা বলেন। পরে ইটের দাম নির্ধারণ করে একজন সোহেল রানা (ছদ্মনাম) ব্যবহার করে ভাটার ভাউচার কাটেন। এরপর একটি গাড়ি ইট জুড়ানপুর স্কুল মাঠে এক ব্যক্তির বাড়িতে নামিয়ে দিয়ে আসেন এবং আরেক গাড়ি ইট পাওয়ার ট্রলারে বোঝাই করতে থাকেন।
এসময় ওই দুই ব্যক্তির একজন প্রতারণার আশ্রয় নিয়ে বলেন, তাঁদের মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেছে। নিকটস্থ বাজার থেকে তেল কিনে আনার জন্য বাপ্পি হোসেনের মোটরসাইকেলটি কিছুক্ষণের জন্য চান। তাঁদের কথায় সরল বিশ্বাসে বাপ্পি মোটরসাইকেলের চাবি দেন।
অভিযোগে বলা হয়, মোটরসাইকেলটির মডেল হিরো হোন্ডা স্প্লেন্ডার প্লাস ১০০। রেজিস্ট্রেশন নম্বর যশোর-হ-১৩-২৯২৩। রং লাল। ইঞ্জিন নম্বর এইচএ১০ইএফ৬৯জি০১৮৯০ এবং চেসিস নম্বর এমবিএলএইচএ১০ইওয়াইবি৯জি০০৪০৩। মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।
চাবি নিয়ে ওই ব্যক্তি মোটরসাইকেলটি চালিয়ে বাজারে তেল আনতে চলে যান। এ সময় ভাটার লোকজন ইট বোঝাইয়ের কাজে ব্যস্ত হয়ে পড়লে অপর ব্যক্তি তাঁদের সঙ্গে করে আনা গাড়ি নিয়ে দ্রুত ভাটা থেকে পালিয়ে যান। পরে মোটরসাইকেল নিয়ে যাওয়া ব্যক্তিও আর ফিরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক দামুড়হুদা