চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারে দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় হাওয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা চালকসহ পিকআপভ্যানটি আটক করে। গতকাল রোববার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।
পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করে এবং চালক সুহান আলীকে (২২) আটক করে। আটক চালক সুহান আলী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া এলাকার লোকমান মোল্লার ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ রহমান স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, হাওয়া বেগম তার মেয়ের বাড়ি আলুকদিয়ার আকন্দবাড়ীয়া গ্রামে বেড়াতে গিয়েছিলেন। সকালে তিনি রিকশাভ্যান থেকে নেমে আলুকদিয়া বাজারে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক