বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ভি যে সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ডিসি লুৎফুন নাহার

বড় স্বপ্ন পূরণ করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে
  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০২৬ ইং
চুয়াডাঙ্গা ভি যে সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ডিসি লুৎফুন নাহার

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভি জে) সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সিনিয়র শিক্ষক শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে তার নিজের পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ছোটবেলায় মায়েরা সন্তানদের হাত ধরে স্কুলে নিয়ে আসেন। সন্তান পড়াশোনা না করলে মায়েদেরও চিন্তায় রাতের ঘুম হারাম হয়। তাই আজকের এই সাফল্যের পেছনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত পরিশ্রম রয়েছে।

জেলা প্রশাসক বলেন, কৃতিত্ব অর্জন করেই থেমে গেলে চলবে না। সামনে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। এসএসসির পর একাদশ শ্রেণিতে ভর্তি হলেও পড়াশোনায় অবহেলা করা যাবে না। এখন থেকেই ভবিষ্যতের লক্ষ্য ঠিক করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ডাক্তার বা প্রকৌশলী হওয়ার চিন্তার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখা যাবে না। বর্তমানে শিক্ষা ও কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। যে পেশাতেই যাওয়া হোক না কেন, এমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে, যাতে সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করা যায়। সবার আগে একজন ভালো মানুষ হতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া। বড় স্বপ্ন পূরণ করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। একই সঙ্গে বড়দের সম্মান ও বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। শিক্ষা মানুষকে বিনয়ী করে। তাই সাফল্য অর্জন করলেও অহংকার করা যাবে না।

বৃত্তি না পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, কোনো পরীক্ষায় কাক্সিক্ষত ফল না পাওয়া মানেই ব্যর্থ হয়ে যাওয়া নয়। কেন ফলাফল প্রত্যাশামতো হয়নি, সেই কারণ খুঁজে বের করতে হবে এবং ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, বিদ্যালয়ের প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীর মধ্যে ২০০ থেকে ৩০০ জন বৃত্তি পেয়েছে। তবে শুধু বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে নয়, বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মেধার বিকাশ ঘটাতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৭৬ জন, অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৪৮ জন এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (দিবা) মাসুদুর রহমান বিপ্লব, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) মো. আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম লিটনসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

১ লাখ সদস্যের পরিবার ‘দৈনিক সময়ের সমীকরণ’ অনলাইন পেজ