জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের পূর্বের এডহক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন সাত সদস্যের এডহক ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পদাধিকারবলে প্রধান নির্বাচন কমিশনার মির্জা হাকিবুর রহমান লিটন।
কমিটির সদস্যরা হলেন- আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হারুন অর-রশিদ, বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান, জামায়াতের সেক্রেটারি মোল্লা মো. হাসিবুল হোসেন শান্ত এবং ইউপি চেয়ারম্যানের মনোনীত প্রতিনিধি ইউপি সদস্য নূর ইসলাম খোকা ও শেখ আতিয়ার রহমান।
সংশ্লিষ্টরা জানান, নতুন কমিটি আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করবে। ২১ সেপ্টেম্বর নির্বাচনের দিনক্ষণ ও ভোটের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, ২০১৯ সালের ৫ মে সর্বশেষ সরাসরি ব্যালটের মাধ্যমে আন্দুলবাড়ীয়া বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২০২২ সালের ২৬ মে ওই কমিটির মেয়াদ শেষ হয়। এরপর বিভিন্ন সময়ে একাধিক এডহক কমিটি গঠিত হলেও বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া