আলমডাঙ্গায় পল্লীগীতি সম্রাট আব্দুল আলিমের ৫২তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আতিক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা জাসাসের সভাপতি কবি ও সাহিত্যিক আনোয়ার রশীদ সাগর। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট পল্লীগীতি শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম সরওয়ার মোল্লা।
প্রধান আলোচকের বক্তব্যে আব্দুল আলিমের জীবন ও সংগীতকর্ম তুলে ধরা হয়। তিনি বলেন, পল্লীগীতি সম্রাট আব্দুল আলিম ১৯৩১ সালের ২৪ জুলাই ভারতের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দেশভাগের পর তিনি পূর্ববাংলায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ছোটবেলা থেকেই গানের প্রতি তাঁর প্রবল অনুরাগ ছিল। পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি-সারি ও মুর্শিদি গানে সহজ-সরল ভাষার ব্যবহারের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। একই বছর বাংলাদেশ সরকার তাঁকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা জাসাসের সাধারণ সম্পাদক ইউনুস আলী ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। ক্লাবের সাধারণ সম্পাদক মোমিন উদ্দিনের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিক্ষক কমলকান্তি চক্রবর্তী, মাস্টার তবিবুর রহমান, মাস্টার আশরাফুল হক পান্না, সাহাবুল হক, কামাল হোসেনসহ অনেকে।
আলমডাঙ্গা অফিস