মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের প্রস্তুতিকালে গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পাওয়া আলামত দেখে অনেকে এগুলোকে টাইম বোমার বিস্ফোরণ বলে সন্দেহ করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিলটনের কার্যালয়ের পাশে নেতা-কর্মীরা সমাবেশের প্রস্তুতি ও জড়ো হওয়ার কাজ করছিলেন। এসময় হঠাৎ বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে সাদা ধোঁয়া দেখা যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে সেখানে বিস্ফোরণের বিভিন্ন আলামত ও ইলেকট্রিক সার্কিটের অংশ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সড়কের পাশে কয়েকটি দেবদারু গাছ ছিল। একই সময়ে একটি বিস্ফোরণ গাছের ওপর এবং অপরটি মাটিতে ঘটে। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের আলামত জব্দ করে। এ ঘটনায় বিএনপির নেতারা সমাবেশ বানচালের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন। গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।
এদিকে, একই দিন বিকেল চারটার দিকে গাংনীর বাঁশবাড়িয়া বাজারের পাশে প্রধান সড়কে শোভাযাত্রার জন্য নেতা-কর্মীরা জড়ো হচ্ছিলেন। এসময় পাশের আনসার ভিডিপি ক্লাবের কাছ থেকে পুলিশ একটি অবিস্ফোরিত টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার করে। পুলিশের ধারণা, উদ্ধার হওয়া বস্তুটির সঙ্গে বিস্ফোরিত বোমাসদৃশ বস্তুগুলোর মিল রয়েছে। দুটি ঘটনা একই সূত্রে গাঁথা হতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) শিমুল কুমার দাস জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের রহস্য উদ্ঘাটন এবং ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
প্রতিবেদক গাংনী