শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল হান্নান ৬ মাসের জন্য বহিষ্কৃত

  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০২৬ ইং
দর্শনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল হান্নান ৬ মাসের জন্য বহিষ্কৃত

দর্শনায় তরমুজ চাষিকে মারপিটসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত দর্শনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল হান্নানের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাকে ছয় মাসের জন্য দপ্তর সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আগামী ছয় মাসের জন্য তাকে দর্শনা প্রেসক্লাবের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


গতকাল শুক্রবার বাদ মাগরিব দর্শনা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি ইকরামূল হক পিপুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।


এর আগে দর্শনায় তরমুজ চাষী মজনু মিয়াকে মারধর এবং মোটরসাইকেল ও মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগে আদালতে মামলা দায়েরের খবর পত্রপত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি দর্শনা প্রেসক্লাবের নজরে আসে। ওই ঘটনায় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল হান্নানের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি এক জরুরি সভার আয়োজন করে।


পরবর্তীতে অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম। কমিটির অপর দুই সদস্য ছিলেন সাংবাদিক সমিতির সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ এবং দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।


তদন্ত কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্ত কমিটির প্রতিবেদন প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাধারণ সভায় উপস্থাপনের পর এ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।


আলোচনা শেষে তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে উপস্থিত প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ছয় মাসের জন্য দর্শনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পদ থেকে আব্দুল হান্নানকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে এ সময়ের মধ্যে তাকে প্রেসক্লাবের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


সভায় উপস্থিত সদস্যরা বলেন, সংগঠনের গঠনতন্ত্র, শৃঙ্খলা ও সাংবাদিকতার নীতিমালা সমুন্নত রাখতে এবং সংগঠনের ভাবমূর্তি রক্ষার স্বার্থে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


উক্ত সভায় দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির শীর্ষ নেতৃবৃন্দসহ সকল সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

দর্শনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল হান্নান ৬ মাসের জন্য বহিষ্কৃত