আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়া কায়েতপাড়া ফুটবল মাঠে শুরু হয়েছে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে ২০২৬ এর আসর। ৬টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় খেলার শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রত্যেকটি মাঠের কিছু না কিছু সোনালী অতীত ঐতিহ্য রয়েছে। বিগত সময়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় খেলার মাঠগুলো মাদকের আখড়া হিসেবে ব্যবহার হয়েছে। এখন অনেকটাই মাঠের প্রাণ ফিরতে শুরু করেছে। রামদিয়া কায়েতপাড়া ফুটবল মাঠেরও নিজস্ব ঐতিহ্য রয়েছে। এই মাঠের খেলা দুই জেলার ক্রীড়া উৎসুক জনতার মনের খোরাক যোগায়। যেকোনো ধরণের খেলার বিষয়ে বর্তমান সরকার, আমাদের দল, দলীয় নেতাসহ আমরা সকলেই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। যার প্রমাণ বর্তমান সরকারের নানামুখী উদ্যোগ। বর্তমান সরকার খেলাধুলাকে যেভাবে গুরুত্ব দিচ্ছে, তা দেশের ইতিহাসে নজিরবিহীন। আমরা মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে যে যার অবস্থান থেকে কাজ করে যাবো।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ। বিশেষ অতিথি ছিলেন খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদ। উপস্থিত ছিলেন সবুজ সাথী যুব সংঘের সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি রশীদ আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আনছার আলী জোয়ার্দ্দার, খাসকররা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হোসেন আলী জোয়ার্দ্দার মুন্না।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পিন্টু। রেফারির দায়িত্ব পালন করছেন আলমগীর আলম, সেণ্টু ও সরোয়ার। প্রথম ম্যাচ ২-২ গোলে ড্র হয়।
সমীকরণ প্রতিবেদক