চুয়াডাঙ্গা জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগস্ট ২০২৬ মাসে জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধের সার্বিক চিত্র পর্যালোচনা করা হয়।
সভায় মামলা তদন্তের অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেপ্তার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মামলা তদন্তের মান ও গতি বৃদ্ধি, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা এবং মাদকসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, মামলা তদন্ত ও অপরাধ দমনে কোনো ধরনের গাফিলতি পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের নির্দেশনা দেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মো. সোয়েব আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাসসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক