নারীদের হেনস্তা করে অশালীন ভাষায় ভিডিও ধারণ এবং তা সামাজিক
যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ ওঠার পর সংবাদ প্রকাশিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে
এবার সাংবাদিকদের নিয়েই আক্রমণাত্মক ভিডিও প্রকাশ করেছেন দামুড়হুদা উপজেলার
চাঁদপুর গ্রামের কথিত কনটেন্ট ক্রিয়েটর মনিরুল। শুধু তাই নয়, সাংবাদিকদের
উদ্দেশে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ফের ভিডিও প্রকাশ করায় বিষয়টি নিয়ে
সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।
এর আগে দামুড়হুদা
উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবুলপুর স্লুইসগেটে নারীদের সামনে অশালীন ও
কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে ভিডিও ধারণের অভিযোগ নিয়ে স্থানীয়
সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে অনুশোচনা
বা ব্যাখ্যা দেওয়ার পরিবর্তে সাংবাদিকদের নিয়েই আক্রমণাত্মক বক্তব্য দিয়ে
নতুন করে ভিডিও তৈরি ও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন মনিরুল।
সাংবাদিকদের
নিয়ে তার এমন বক্তব্য ও প্রকাশ্য চ্যালেঞ্জের ভিডিও সামাজিক
যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
সাংবাদিক মহলের অনেকেই ঘটনাটিকে সংবাদ প্রকাশের কারণে গণমাধ্যমকর্মীদের
ভয়ভীতি প্রদর্শন ও চাপ সৃষ্টির অপচেষ্টা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা
জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, মনিরুল নিজেকে কনটেন্ট ক্রিয়েটর
পরিচয় দিয়ে সুবুলপুর স্লুইসগেটে বেড়াতে আসা নারীসহ দর্শনার্থীদের সামনে
অশালীন ভাষা ব্যবহার করে ভিডিও ধারণ করেন এবং পরে তা সামাজিক
যোগাযোগমাধ্যমে প্রচার করেন।
অভিযোগ রয়েছে, ভিডিও ধারণের সময়
নারীদের উদ্দেশে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন শব্দ ব্যবহার করা
হয়। তার এমন কর্মকাণ্ডে ওই পর্যটনস্থলে বেড়াতে আসা নারী ও পরিবারের
সদস্যদের মধ্যে অস্বস্তি ও আতঙ্ক তৈরি হয়েছে বলে দাবি করেছেন কয়েকজন
দর্শনার্থী।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দর্শনার্থী বলেন,
পরিবার নিয়ে একটি সুন্দর পরিবেশে ঘুরতে গিয়ে এ ধরনের অশালীন ভিডিও ধারণ ও
মন্তব্য অত্যন্ত বিব্রতকর। কেউ কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে
প্রকাশ করে দেওয়ার আশঙ্কায় নারীরা ওই এলাকায় যেতে ভয় পাচ্ছেন বলেও অভিযোগ
করেন তারা।
তবে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে সংবাদ প্রকাশের পর
সাংবাদিকদের উদ্দেশে মনিরুলের নতুন ভিডিও প্রকাশকে ঘিরে। স্থানীয়দের
প্রশ্ন- কোনো সংবাদে আপত্তি থাকলে তার জবাব তথ্য-প্রমাণের মাধ্যমে দেওয়ার
সুযোগ রয়েছে। কিন্তু সাংবাদিকদের আক্রমণাত্মক ভাষায় ভিডিও করে প্রকাশ্যে
চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া কেন?
সাংবাদিক মহলের নেতৃবৃন্দ ও স্থানীয়
সংবাদকর্মীরা বলছেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি,
আক্রমণাত্মক বক্তব্য বা প্রকাশ্য চ্যালেঞ্জ দেওয়ার ঘটনা কোনোভাবেই কাম্য
নয়। কারও বিরুদ্ধে প্রকাশিত সংবাদে আপত্তি থাকলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে
প্রতিবাদ বা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে।
এদিকে
নারীদের নিয়ে অশালীন মন্তব্য ও হেনস্তার অভিযোগ এবং পরবর্তীতে সাংবাদিকদের
নিয়ে আক্রমণাত্মক ভিডিও প্রচারের ঘটনায় মনিরুলকে দ্রুত আইনের আওতায় এনে
বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় নারী, এলাকাবাসী, সাংবাদিকসহ সচেতন
মহল। এ বিষয়ে মনিরুলের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও
তিনি কোনো মন্তব্য করেননি।
সমীকরণ প্রতিবেদক