চুয়াডাঙ্গায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে শহরের প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এ কে এম আলী আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমরা সবাই আমাদের চিন্তা-চেতনার সমন্বয় ঘটিয়ে এই সংগঠনকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে কাজ করতে চাই। যারা দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য শ্রম দিয়ে আসছেন, পরিচালনার ক্ষেত্রে তারা কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন, সেগুলো জানিয়ে সমাধানের চেষ্টা করব এবং সহযোগিতা করতে চাই।’
তিনি আরও বলেন, প্রবীণদের জন্য সংগঠনের একটি স্থায়ী জায়গা নির্ধারণের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। প্রবীণদের কল্যাণে যা কিছু করার প্রয়োজন, জেলা পরিষদ, সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে তা করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সংগঠনের সদস্যসংখ্যা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হবে।
শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমাদের সমাজে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যারা চাকরি শেষে সময় কাটানোর মতো উপযুক্ত পরিবেশ পান না। তাই প্রবীণদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা প্রয়োজন, যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা প্রকাশের সুযোগ পাবেন। তাদের সন্তানরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন কিংবা ব্যবসার সঙ্গে যুক্ত। ফলে প্রবীণদের অভিজ্ঞতা ও ভাবনাগুলো সমাজের জন্য গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, প্রবীণদের আরও বেশি মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তাদের পাশে থেকে এবং তাদের সঙ্গে নিয়ে সংগঠনটিকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন বলেন, ‘একজন মানুষের জীবনে দুটি পর্যায়ে বিশেষ পরিচর্যার প্রয়োজন হয়- একটি শিশুকালে, অন্যটি বৃদ্ধ বয়সে।’ তিনি বলেন, ‘একটি নির্দিষ্ট বয়সের পর অনেক প্রবীণ মানুষের নিজের জন্য বসার জায়গাটুকুও থাকে না। প্রবীণদের কল্যাণে চুয়াডাঙ্গায় দীর্ঘদিন ধরে একটি সংগঠন কাজ করে আসছে। একসময় এখানে অনেক প্রবীণ চিকিৎসাসেবা গ্রহণ করতেন এবং থাকার ব্যবস্থাও ছিল।’
নাজমুল হক স্বপন আরও বলেন, বর্তমানে চুয়াডাঙ্গায় অভিভাবকত্বের ঘাটতি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানুষের বিভিন্ন সমস্যায় সহযোগিতার জন্য সমাজের সামর্থ্যবান ও দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। প্রবীণদের নিজেদের সমস্যাগুলো সংশ্লিষ্টদের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। পাশাপাশি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চুয়াডাঙ্গার উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক এম এম আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর, কোষাধ্যক্ষ এ কিউ এম আলফাজ উদ্দীন, সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক মালেকা রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, দপ্তর সম্পাদক ইমামুল হক, উপদেষ্টা অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, নির্বাহী সদস্য আমিরুল ফারুক, জামিরুল ইসলাম, হারুন অর রশিদ, আশরাফুল হক, জীবন সদস্য মাহবুবুর রহমান ও আকর আলী, নির্বাহী সদস্য আবু সাইদ হেলাল নূর, এস এম আব্দুল মোমিন, সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হুনাইন মালিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক