বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি মাসুদ পারভেজ

সমাজে সংঘটিত অধিকাংশ অপরাধের পেছনে মাদকের সম্পৃক্তা
  • আপলোড তারিখঃ ২৫-০৮-২০২৬ ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি মাসুদ পারভেজ

চুয়াডাঙ্গায় সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।


সভায় জানানো হয়, গত জুন মাসে চুয়াডাঙ্গা সদর থানায় মাদক আইনে ২১টি, অপহরণের একটি, নারী ও শিশু নির্যাতনের তিনটি, চুরির সাতটি, বিস্ফোরক আইনে একটি এবং অন্যান্য আইনে ১০টিসহ মোট ৪৩টি মামলা হয়েছে। এছাড়া সদর উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম আদালতে জুন মাসে আগের আটটি মামলাসহ মোট ৩১টি মামলা ছিল। এর মধ্যে ২৩টি নতুন মামলা দায়ের হয়। গ্রাম আদালতের মাধ্যমে ২৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।


সভায় শহরে সাম্প্রতিক সময়ে চুরি ও চাঁদাবাজি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে বিদ্যুতের তার, টিউবওয়েলের মাথাসহ বিভিন্ন চুরি যাওয়া সামগ্রী ভাঙারি দোকানে বিক্রি হওয়ার বিষয়টি আলোচনায় আসে। শহরের ভেতরে যেসব ভাঙারি ব্যবসায়ী এসব সামগ্রী কেনাবেচা করেন, তাদের কঠোরভাবে নির্দেশনা দেওয়ার কথা বলা হয়। চুরি করা মালামাল কোনোভাবেই যাতে ভাঙারি ব্যবসায়ীরা কিনতে না পারেন, সে বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়।


সভায় বলা হয়, চুরির সঙ্গে জড়িত অনেকেই মাদক সেবনের সঙ্গে যুক্ত। ফলে মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি চুরি প্রতিরোধেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষভাবে তৎপর হতে হবে। বাল্যবিয়ে প্রতিরোধেও জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। কোনো এলাকায় বাল্যবিয়ের আয়োজনের খবর পাওয়া মাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে বলা হয়। বাল্যবিয়েকে কোনোভাবেই সমর্থন বা প্রশ্রয় না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, সমাজে সংঘটিত অধিকাংশ গুরুতর অপরাধের পেছনে কোনো না কোনোভাবে মাদকের সম্পৃক্ততা রয়েছে। কোনো অপরাধ ঘটে যাওয়ার পর অনেক সময় কিছু করার থাকে না, শুধু সমবেদনা জানানো ছাড়া। তাই অপরাধ সংঘটিত হওয়ার আগেই সামাজিক ও পারিবারিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।


তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মাদক মামলার বিষয়ে আইনজীবী ও বিচারকদের সঙ্গে আলোচনা হয়েছে। যুবসমাজের অবক্ষয় ও সামাজিক নিরাপত্তার হুমকির বিষয়টি বিবেচনায় নিয়ে মাদক মামলার আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।


মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘আমাদের সকলের চাওয়া যেকোনো মূল্যে সমাজ থেকে মাদক, অনলাইন জুয়া, চুরিসহ বিভিন্ন অপরাধ সমূলে উৎপাটন করতে হবে। এ ক্ষেত্রে বর্তমানে শুরু হওয়া সামারি ট্রায়ালকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি ধারাবাহিকভাবে চালু থাকলে সমাজে অপরাধ অনেকাংশে কমে আসবে।’


সাম্প্রতিক সময়ে দর্শনার আকুন্দবাড়িয়ায় স্থানীয় লোকজনের সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষের প্রসঙ্গ তুলে ধরে সংসদ সদস্য বলেন, এ ধরনের ঘটনা শুরুতেই নির্মূলের দিকে যেতে হবে। মাদক কারবারিরা যাতে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।


হিজলগাড়ী বাজারে চরমপন্থি সংগঠনের নামে চিঠি দিয়ে চাঁদা দাবির ঘটনাকেও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন তিনি। এসব ঘটনা শুরুতেই কঠোরভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই যাতে এ ধরনের কর্মকাণ্ডের শাখা-প্রশাখা বিস্তার লাভ করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অতীতে থাকা চরমপন্থি সংস্কৃতি চুয়াডাঙ্গায় আর দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি।


চাঁদাবাজির বিষয়ে সংসদ সদস্য বলেন, জেলায় সম্প্রতি চাঁদাবাজির কিছু ঘটনা ঘটছে। কোনো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসনকে তাৎক্ষণিকভাবে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিতে হবে। কোনো রাজনৈতিক দল মাদক কারবারি, অনলাইন জুয়াড়ি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না। কেউ দলের নাম ব্যবহার করে অপরাধে জড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, নাগরিকের জীবন ও সম্পদ রক্ষা করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হলে সমাজ থেকে অপরাধ কমিয়ে আনা সম্ভব। আর অপরাধ কমলে সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন। অনলাইন জুয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাসুদ পারভেজ রাসেল বলেন, শিক্ষার্থীদের অনেকে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। অভিভাবকদের সন্তানদের মোবাইল ব্যবহারের বিষয়ে নজরদারি করার আহ্বান জানান তিনি।
পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষকদের মাদক, বাল্যবিয়ে, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও অন্যান্য সামাজিক অবক্ষয়ের ক্ষতিকর দিকগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরার পরামর্শ দেন। তিনি বলেন, যার যার অবস্থান থেকে যদি সকলে সঠিকভাবে দায়িত্ব পালন করি, তাহলে একদিন সমাজ থেকে অপরাধ দূর হবে।


সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, সাবেক অধ্যক্ষ সিদ্দীকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামালসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।



কমেন্ট বক্স
notebook

ছায়া মন্ত্রিসভার পথে বিরোধীদল, ক্ষমতার আয়নায় বিকল্প মুখ