চুয়াডাঙ্গা রেলবাজারে রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ও ভূমি মালিকদের মধ্যে ৮৭ লাখ ৯০ হাজার টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার রেলবাজার এলাকায় কালুর হোটেলের সামনে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, সরকারের উন্নয়নমূলক কাজের জন্য কোনো ব্যক্তির জমি অধিগ্রহণের প্রয়োজন হলে আইন অনুযায়ী তার ক্ষতিপূরণ দেওয়া হয়। অনেকের ক্ষেত্রে ওই জমি বা দোকানই ছিল আয়ের একমাত্র উৎস। তাই ক্ষতিগ্রস্তদের যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সঠিকভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
তিনি বলেন, চেক বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের আর্থিক লেনদেন বা হয়রানি যাতে না হয়, সেদিকে নজর রাখা হয়েছে। যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ধৈর্য ও সহযোগিতার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।
ওভারপাস নির্মাণকাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, রেলবাজার এলাকায় আসার পথে তিনি ওভারপাস নির্মাণকাজের অগ্রগতি দেখেছেন। কাজের গতি খুবই ধীর। তিনি প্রকল্পের ঠিকাদারকে নির্মাণকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১ দশমিক ৪২ শতাংশ জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ১০ জন ভূমি মালিকের মধ্যে মোট ৮৭ লাখ ৯০ হাজার টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। চেক গ্রহণ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ফার্মপাড়ার রেহেনা খাতুন, জোয়ার্দ্দারপাড়ার সানিউল নেওয়াজ ও রোজী বেগম, দামুড়হুদা উপজেলার জয়রামপুর ইউনিয়নের আমরিন আক্তার, সদর উপজেলার ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার ফারুক হাসান, ময়মনসিংহ জেলার গোহাইলকান্দি উপজেলার গোলাপজান রোডের সামিউল ইসলাম, আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তাসলিমা বেগম, ঢাকার সাভারের ধলপুর-সিকদারবাগের আকলিমা খাতুন, রাজশাহীর হড়গ্রাম বাজারের সেলিমা খাতুন এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার রেলপাড়ার গোলাম জাকারিয়া জোয়ার্দ্দার।
এর আগে গত ২৩ জুলাই আরও ৯ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের মধ্যে ২ কোটি ৫৩ লাখ ৩৪ হাজার ১৮৯ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। ফলে রেলবাজার এলাকায় ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিক, ভাড়াটিয়া ও অন্যান্য ক্ষতিগ্রস্তসহ মোট ১৯ জনের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার এস. এম. আশিস মোমতাজ, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সাদিকুর রহমানসহ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
নিজস্ব প্রতিবেদক