দর্শনা কালিদাসপুরে লিজ নেওয়া জমি থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের মাল্টা জোর করে পেড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জমির মালিকের স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় দর্শনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাগানটির লিজগ্রহীতা মুকুল উদ্দিন।
অভিযোগ সূত্রে জানা যায়, দর্শনা রামনগর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মুকুল উদ্দিন কালিদাসপুর গ্রামের ফকির হালসানার কাছ থেকে ১০ বছরের জন্য একটি জমি লিজ নেন। চুক্তি অনুযায়ী, ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০৩১ সালের ৩০ মার্চ পর্যন্ত জমিটি তার লিজে থাকার কথা। মুকুল উদ্দিনের দাবি, লিজের মেয়াদ শেষ হওয়ার আগেই জমির মালিকপক্ষ জমি ফেরত চেয়ে চাপ দিতে থাকে। এরই মধ্যে গত ১৭ ও ২০ আগস্ট দুই দফায় বাগানে গিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের মাল্টা জোর করে পেড়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন- কালিদাসপুর গ্রামের দাসপাড়ার ফকির হালসানার জামাই আজিজুল হক (৪৫), আরজিনা খাতুনের স্বামী আজিজুল হক, দর্শনার মদনা গ্রামের প্রথমপাড়ার ফকির মোল্লার ছেলে ইকরামুল এবং দক্ষিণ চাঁদপুর গ্রামের গুলশানপাড়ার জাকের আলী ও তাঁর স্ত্রী হাজিরা খাতুন।
মুকুল উদ্দিন বলেন, ‘মাল্টা বাগান করার প্রায় তিন বছর পর গাছে ফল আসতে শুরু করে। এখন যখন বাগান থেকে ভালো ফলন পাওয়ার সময় এসেছে, তখনই জোর করে মাল্টাগুলো পেড়ে নেওয়া হয়েছে। লিজের মেয়াদ শেষ হওয়ার আগেই জমি ফেরত চাওয়া হচ্ছে। এতে আমার দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্ন ভেঙে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমি বাগানে অনেক টাকা ও শ্রম দিয়েছি। এখন মাল্টা বিক্রি করে লাভ পাওয়ার সময়। কিন্তু জোর করে ফল পেড়ে নেওয়ায় আমি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি। এ ঘটনায় দর্শনা থানায় অভিযোগ দিয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।’
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। এ বিষয়ে দর্শনা থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
দর্শনা অফিস