শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে চুয়াডাঙ্গায় মতবিনিময় সভা

তৃণমূলের সুপ্ত প্রতিভা জাতীয় পর্যায়ে তুলে আনার উদ্যোগ
  • আপলোড তারিখঃ ২১-০৮-২০২৬ ইং
নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে চুয়াডাঙ্গায় মতবিনিময় সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং ‘নজরুল বর্ষ’ স্মরণীয় করে রাখতে চুয়াডাঙ্গায় বছরব্যাপী নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। স্কুল, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে পর্যায়ক্রমে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার মাধ্যমে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা সুপ্ত প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।


এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নজরুল বর্ষ উপলক্ষে বছরব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। সহকারী কমিশনার ফাহাদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রতিযোগিতার বিভিন্ন দিক ও কর্মপরিকল্পনা তুলে ধরেন জেলা কালচারাল অফিসার সাইফুল ইসলাম মিলন।


সভায় জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় সংস্কৃতির চর্চাকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার লক্ষ্যে প্রতিযোগিতাটি পাঁচটি বিষয়ে আয়োজন করা হবে। বিষয়গুলো হলো- নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় ও নৃত্য।


সভায় জানানো হয়, আগামী ৩১ আগস্ট সারাদেশের সঙ্গে চুয়াডাঙ্গাতেও জেলা ও উপজেলা পর্যায়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর ২ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত স্কুলে প্রাথমিক পর্যায়ে গ্রুপ ক (১ম ও ২য় শ্রেণি), গ্রুপ খ (৩য় থেকে ৫ম শ্রেণি) এবং কারিগরি ও মাধ্যমিক পর্যায়ে গ্রুপ ক (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) ও গ্রুপ খ (৯ম ও ১০ম শ্রেণি) বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।


এরপর ৭ দিনব্যাপী ১৩ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলা পর্যায়ে প্রাথমিক এবং ৫ দিনব্যাপী ২২ থেকে ২৯ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে কারিগরি ও মাধ্যমিক শিক্ষার্থীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপজেলা ও পৌরসভা পর্যায়ের বিজয়ীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। এখানে ১ তারিখ হতে ৭ তারিখ অবধি প্রাথমিক এবং ৮ থেকে ১২ তারিখ অবধি কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে ১৩ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যেখানে ১৩ থেকে ১৫ তারিখ প্রাথমিক এবং ২৭ ও ২৮ তারিখ কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকায় জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।


সভায় আরও জানানো হয়, স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। খুব শিগগিরই জেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে প্রতিযোগিতার কার্যক্রম শুরু করা হবে।


সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো দেশজুড়ে ছড়িয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলোকে খুঁজে বের করা এবং জাতীয় সংস্কৃতির চর্চাকে তৃণমূল পর্যায়ে আরও সমৃদ্ধ করা। আমরা চাই গ্রাম পর্যায় থেকে প্রতিভাবানরা উঠে আসুক। ভালো প্ল্যাটফর্মের অভাবে অনেক প্রতিভা গ্রামেই থেকে যায়। নজরুল বর্ষ উপলক্ষে আমরা সেই প্রতিভাগুলোকে সামনে নিয়ে আসতে চাই এবং তাদের প্রতিভা সারাদেশে ছড়িয়ে দিতে চাই।’


তিনি আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতার মধ্যদিয়ে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে সৃজনশীলতা বাড়ার পাশাপাশি তারা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ পাবে।


মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি.এম. তারিক উজ জামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মুন্সী আবু সাঈফ, জেলা জাসাসের সভাপতি শহীদুল হক বিশ^াস, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবরসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ



কমেন্ট বক্স