বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আসমানখালী পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে চুয়াডাঙ্গার পুলিশ সুপার

জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান
  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২৬ ইং
আসমানখালী পুলিশ ক্যাম্প পরিদর্শনকালে চুয়াডাঙ্গার পুলিশ সুপার

আলমডাঙ্গা উপজেলার আসমানখালী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রুহুল কবির খান। গতকাল বুধবার তিনি আসমানখালী পুলিশ ক্যাম্পে গিয়ে ক্যাম্পের সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম, রেজিস্টার, নথিপত্র ও দৈনন্দিন দায়িত্ব পালনের বিষয়গুলো পর্যালোচনা করেন।


একই সঙ্গে ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।


পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান বলেন, সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সর্বদা দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সদস্যদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।


তিনি আরও বলেন, পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সুসম্পর্ক গড়ে তুলতে হবে। কোনো মানুষ যেন পুলিশের কাছে এসে হয়রানি বা অবহেলার শিকার না হন, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। জনগণের অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শুনে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান। পরিদর্শনকালে আসমানখালী পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ক্যাম্পে কর্মরত অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

শৈলকূপায় স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিষ্কার