দর্শনার প্রবেশমুখেই দীর্ঘদিনের ময়লার ভাগাড় পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন পৌর প্রশাসক শাহিন আলম। চুয়াডাঙ্গা থেকে দর্শনায় প্রবেশের গুরুত্বপূর্ণ স্থান হঠাৎপাড়া রেলগেট এলাকায় দীর্ঘদিনের ময়লার ভাগাড় পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। দুর্গন্ধ ও ময়লার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগে থাকা পথচারী, যাত্রী, মোটরসাইকেল চালকসহ স্থানীয়দের মধ্যে এ উদ্যোগে স্বস্তি আভাস মিলছে।
দর্শনা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কপথের প্রবেশমুখে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াত। ফলে ওই সড়ক দিয়ে চলাচলের সময় অনেককে নাকে রুমাল বা কাপড় দিয়ে যেতেও দেখা গেছে। বিশেষ করে মোটরসাইকেল চালক ও পথচারীদের ভোগান্তি ছিল বেশি। বিষয়টি দর্শনা পৌর প্রশাসক মো. শাহিন আলমের নজরে এলে তিনি পৌরসভার প্রকৌশলীসহ সরেজমিনে এলাকা পরিদর্শন করেন। পরে ময়লার ভাগাড়টি দ্রুত পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে পুরো স্থানটি পরিষ্কার করার কাজ শেষ হবে।
স্থানীয় পথচারীরা বলেন, দীর্ঘদিন ধরে এই স্থানে ময়লা জমে থাকায় দুর্গন্ধে চলাচল করা কঠিন হয়ে পড়েছিল। বিশেষ করে রোদ ও গরমের সময় পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠত। দ্রুত পরিষ্কারের উদ্যোগ নেওয়ায় পৌর কর্তৃপক্ষকে সাধুবাদ জানাচ্ছি। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, দীর্ঘদিন ধরে দর্শনা প্রবেশমুখে ময়লা-আবর্জনা জমে থাকলেও স্থায়ীভাবে এর সমাধান হয়নি। তারা দ্রুত পরিষ্কারের পাশাপাশি ভবিষ্যতে যাতে এখানে ময়লা ফেলা না হয়, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
দর্শনা পৌর প্রশাসক ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শাহিন আলম বলেন, বিষয়টি আমার নজরে আসার পর সরেজমিনে পরিদর্শন করে দ্রুত পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই দিনের মধ্যে জায়গাটি সম্পূর্ণ পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব ইঞ্জিনিয়ার মো. সাজেদুল আলম, প্রধান সহকারী শাহ আলম, করনির্ধারক জাহিদুল ইসলাম, হিসাবরক্ষক আরেফিন হোসেন ও কনজারভেন্সি ইন্সপেক্টর মমিনুল ইসলাম।
ময়লার ভাগাড়টি সম্পূর্ণ পরিষ্কার হলে দর্শনায় প্রবেশের এ গুরুত্বপূর্ণ সড়কে চলাচলকারী সাধারণ মানুষ, যাত্রী, মোটরসাইকেল চালকসহ স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সেই সাথে পৌরসভার পক্ষ থেকে সেখানে সৌন্দর্য্য বর্ধনের জন্য ফুল গাছ বা কোনো গাছ রোপণ অথবা পরিকল্পিত কোন ভালো উদ্যোগ নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি করেন সচেতন মহল।
নিজস্ব প্রতিবেদক (দর্শনা অঞ্চল)